ভারতের উত্তর প্রদেশের শিক্রাপুর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার আয়োজন করায় এক মুসলিম প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৭ মার্চ, স্থানীয় সরকারি বিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধান শিক্ষক ইরফান নাকভি। ওই ইফতার মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
পরবর্তী সময়ে, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া হয়েছে—এই অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়। পাশাপাশি, স্থানীয় কিছু ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের ভেতরে কয়েকজন মুসলিম শিক্ষার্থী ও শিক্ষক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ধর্মীয় উস্কানিমূলক কার্যক্রমের প্রমাণ মেলেনি।
এ ঘটনায় মানবাধিকার সংগঠন ও বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। তারা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় উৎসব পালনের অধিকার সকল সম্প্রদায়ের থাকা উচিত।