ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য মুনির আহমেদ সম্প্রতি পাকিস্তানি নারীকে বিয়ে করে তথ্য গোপনের অভিযোগে বরখাস্ত হয়েছেন। এই ঘটনাটি ইতোমধ্যেই দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, মুনির আহমেদ ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিএফ-এ যোগ দেন। পরে তিনি পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ে করেন, কিন্তু সেই তথ্য গোপন রাখেন। এছাড়া অভিযোগ রয়েছে, স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি তাকে নিজের বাসায় রাখেন, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে সংস্থাটি।
তবে, মুনির আহমেদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, “বিয়ের আগে আমি সদর দফতর থেকে লিখিত অনুমতি নিয়েছিলাম। অনুমতি পাওয়ার পরেই বিয়ে করেছি।” বরখাস্ত হওয়ার খবর তিনি প্রথমে সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারেন, পরে সিআরপিএফ-এর পক্ষ থেকে একটি অফিসিয়াল চিঠি পান।
মুনির বলেন, “এটি আমার এবং আমার পরিবারের জন্য একটি বড় ধাক্কা। আমি আইনগত পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।” জানা গেছে, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখযোগ্য যে, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নিহত হয়েছেন, যার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রেক্ষাপটেই মুনির আহমেদের ঘটনাটি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।