গাজীপুর প্রতিনিধি | ৭ আগস্ট ২০২৫, বুধবার
গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশের সামনেই এক সাংবাদিককে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৬ আগস্ট) বিকেলে, গাজীপুর জেলা শহরের সাহাপাড়া এলাকায়। আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি একটি দৈনিক পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শহরের রেলগেট ও সাহাপাড়া এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদ জানান আনোয়ার হোসেন। এর জেরে একদল দুর্বৃত্ত তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তারা প্রকাশ্য দিবালোকে আনোয়ারকে ইট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলার সময় কেউ এগিয়ে আসেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করছিল।
পরে পুলিশ আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত রয়েছে।
এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “আহত যুবকের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”
সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের হামলা শুধুমাত্র একজন ব্যক্তির উপর নয়, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্র- জাগো নিউজ