চট্টগ্রামের ফটিকছড়িতে তান্ত্রিক আবুল মনছুরকে (৪৮) গলা কেটে হত্যার ঘটনায় মুহাম্মদ আবু মুছা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুছা হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আবু মুছা অভিযোগ করেন যে, নিহত তান্ত্রিক ‘কালোজাদু’র মাধ্যমে তার পরিবারের সদস্য ও ব্যবসায়িক ক্ষতি করেছেন। ক্ষোভ থেকেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে চিকিৎসা নেওয়ার কথা বলে আবু মুছা ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে আবুল মনছুরের বাসায় যান। সুযোগ পেয়ে ধারালো দা দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান তারা।
পরে ৮ আগস্ট ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে ভিকটিমের নামে সরকারি বরাদ্দকৃত একটি বসতঘরে তালাবদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথা ও দেহ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।নিহত আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খামারিপাড়ার শফি আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।