পটুয়াখালীর বাউফলে একটি সরকারি পরীক্ষাকেন্দ্রে ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন তোলার জেরে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের পরীক্ষাকালে পটুয়াখালীর বাউফলের ছালেহিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে হিজাব না খোলায় চার ছাত্রীকে শাস্তির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, দুপুর ১২টা ১৫ মিনিটে কেন্দ্রের উত্তর ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে ট্যাগ অফিসার তুরাল প্রামাণিক প্রবেশ করেন। কালো পোশাক পরিহিত এই কর্মকর্তা পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মুখ দেখান, হিজাব খুলুন।” ছাত্রীরা ধর্মীয় বিশ্বাসের কারণে মুখ দেখাতে অস্বীকৃতি জানালে তিনি চারজনের খাতা কেড়ে নেন বলে অভিযোগ।
একপর্যায়ে একজন ছাত্রী কান্নায় ভেঙে পড়লে তার খাতা ফেরত দেওয়া হয়, তবে বাকি তিনজনের খাতা পরীক্ষা শেষে আর ফেরত দেওয়া হয়নি। অভিযোগকারী এক শিক্ষার্থী বলেন, “আমি ৮০ নম্বরের উত্তর লিখেছিলাম। শুধু হিজাব না খোলার কারণে আমার খাতা কেড়ে নেওয়া হয়েছে। এটা আমাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ।”
এ বছর ছালেহিয়া ফাযিল মাদরাসা কেন্দ্র থেকে মোট ১৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। ট্যাগ অফিসার ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক।
তবে কেন্দ্র সচিব ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজিরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “কেন্দ্রে কোনো ধরনের জোরপূর্বক আচরণ হয়নি। পরীক্ষাকেন্দ্রে আজ কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না।”
ট্যাগ অফিসার তুরাল প্রামাণিক বলেন, “আমি কোনো খাতা নেইনি, হিজাব খোলার নির্দেশও দিইনি। সম্ভবত কেন্দ্রের অধ্যক্ষ পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য মুখ দেখাতে বলেছেন।”
ঘটনার বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন। ফলে প্রশাসনের অবস্থান স্পষ্ট নয়।
এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা বলছেন, “এই বয়সী ছাত্রীরা এমন অপমানজনক ঘটনার মুখোমুখি হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। ধর্মীয় পোশাক একজন মুসলিম নারীর সম্মান ও আত্মপরিচয়ের অংশ— তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই।”
সংশ্লিষ্ট মহলের এবং স্থানীয় সাধারণ মুসলিম জনতার দাবি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হোক।
রিপোর্ট: সিয়াম আহমেদ
উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
প্রকাশকাল: ২৩ এপ্রিল ২০২৫, রাত ১০:০০