ঢাকা, ২৮ এপ্রিল:
বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সিস্টেমে সম্প্রতি এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। এ বছরের হজ নিবন্ধন ফর্মে ‘পুরুষ’ ও ‘মহিলা’ ছাড়াও ‘Other Gender’ বা ‘অন্যান্য লিঙ্গ’ নামে একটি অপশন যুক্ত করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর দেশজুড়ে বিস্ময় ও বিতর্ক শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, যিনি এবার হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন, ফর্ম পূরণের সময় এই অস্বাভাবিক বিষয়টি লক্ষ্য করেন। তিনি জানান, পুরুষ বা মহিলার নির্দিষ্ট অপশনের পরিবর্তে কেবল ‘Gender’ লেখা এবং ‘Other Gender’ নির্বাচন করার সুযোগ রাখা হয়েছে। স্ক্রিনশটসহ তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

অনেকেই প্রশ্ন তুলছেন, ইসলামের পবিত্র রীতিনীতি ও বিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন একটি ধারণা কীভাবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ঢুকে পড়লো? এ নিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা দেশের এলজিবিটিভি নীতির ছায়া যেভাবে মুসলিম সমাজের ঐতিহ্যগত রীতিনীতিতে প্রবেশ করছে, এটি তারই একটি নিকৃষ্ট উদাহরণ। ইসলামের বিধানে স্পষ্টভাবে লিঙ্গ পরিচয় নির্ধারিত, সেখানে এ ধরনের ‘অন্যান্য লিঙ্গ’ সংক্রান্ত বিষয় স্থান পাওয়া অনাকাঙ্ক্ষিত এবং বিভ্রান্তিকর বলেও তারা মন্তব্য করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে দেশের সাধারণ মুসলিম জনগণ দ্রুত এই ত্রুটি সংশোধনের দাবি জানিয়েছে এবং ইসলামের মৌলিক শিক্ষার প্রতি যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।