ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া:
ভাদুঘরের এলহামপাড়ার দক্ষিণে অবস্থিত “জামাল রায়হানা ইসলামিয়া মহিলা মাদ্রাসা”-তে পড়াশোনা করে প্রায় দুই শতাধিক ছাত্রী। প্রতিদিন সকাল-বিকেল তাদের আসা-যাওয়া করতে হয় ঋষিপাড়ার রাস্তা দিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, ঋষিপাড়ার রাস্তার কিছু অংশ এখন ‘আশ্রয়স্থল’ হয়ে উঠেছে স্থানীয় কিছু বখাটে তরুণের জন্য।
স্থানীয় এক শিক্ষার্থীর ভাষ্যে জানা যায়, “প্রতিদিন আমাদের এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু প্রায়ই দেখা যায়, কিছু ছেলে দলবেঁধে দাঁড়িয়ে থাকে। মেয়েরা আসছে দেখেও সরে দাঁড়ায় না। কখনো উসকানিমূলক মন্তব্য করে, কখনো বাধা হয়ে দাঁড়ায়। রীতিমতো আতঙ্কে চলতে হয়।”
আরও জানা যায়, বিশেষ করে কিছু ধর্মীয় উৎসব চলাকালীন সময়ে ওই এলাকার রাস্তায় ভিড় বেড়ে যায় এবং পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। “মেয়েরা এমনিতেই লজ্জাশীল। তাদের এভাবে অপমান করা হলে তারা তা সহজে বলতে পারে না। কিন্তু প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভুগছে,” বলেন এক অভিভাবক।
স্থানীয় সচেতন মহল ও মাদ্রাসা সংশ্লিষ্টরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। তারা চান, রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত টহলের মাধ্যমে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হোক।