বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি পিছিয়ে আগামী মঙ্গলবার (৬ মে) ধার্য করেছেন আপিল বিভাগ।
এর আগে রোববার (৪ মে) এ মামলার লিভ টু আপিল শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় ছিল। কিন্তু শুনানি সেদিন না হয়ে পরে নেওয়া হয়। আপিল বিভাগ জানিয়েছেন, মামলাটি আগামী মঙ্গলবার শুনবেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি, এই মামলায় তারেক রহমানসহ যাবজ্জীবন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের খালাস দেন হাইকোর্ট।
হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, বিচারিক আদালতের রায়গুলো বৈধভাবে হয়নি, বরং তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।
এই মামলায় বিচারিক আদালত বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন, এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন।