গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) হিব্রু ভাষায় পরিচালিত তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন গিডিয়ন্স চ্যারিওটস’। অভিযানটির লক্ষ্য হলো গাজার গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নেওয়া।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, এই সাম্প্রতিক হামলায় বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০ জনের মতো মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে বলে দাবি স্থানীয় কর্মকর্তাদের।
উল্লেখ্য, দুই মাসের যুদ্ধবিরতির পর গত মার্চ থেকে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে গাজায় খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দেয়।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে।”
যদিও হিব্রু ভাষায় দেওয়া IDF-এর পোস্টে অভিযানের নাম উল্লেখ করা হয়েছে, তাদের ইংরেজি ভাষার পোস্টে ‘অপারেশন গিডিয়ন্স চ্যারিওটস’-এর নামটি ব্যবহার করা হয়নি।
এই সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা এখন আরও প্রবল হয়ে উঠেছে।