গাজীপুর প্রতিনিধি | ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার কয়েক ঘণ্টা পরই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকাণ্ডটি ঘটেছে লোকজনের সামনেই, প্রকাশ্য দিবালোকে।
নিহত আসাদুজ্জামান তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র মতে, বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে অবৈধ চাঁদাবাজির বিষয়ে সরাসরি ফেসবুক লাইভ করেন তুহিন। এর কিছুক্ষণ পর, রাত ৮টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে লেখেন— “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।”
রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ঠিক তখনই একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদঘাটনে আমরা কাজ করছি।”
এই নির্মম হত্যাকাণ্ডে গাজীপুর জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠন ও সাধারণ নাগরিকরা মনে করছেন, তুহিনের ফেসবুক লাইভ এবং তার প্রতিবাদী ভূমিকা তাকে হত্যার মূল কারণ হয়ে উঠতে পারে।
তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এমএআই/এসআর/জেআইএম