পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের যন্ত্রবিদ আফসার আলী (৬৫) বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্রকে ‘ভুল’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি, নিউটনের গতির তিনটি সূত্রের মধ্যে দ্বিতীয়টি সঠিক হলেও প্রথমটি অসম্পূর্ণ এবং তৃতীয়টি সম্পূর্ণ কাল্পনিক বলে দাবি করেছেন তিনি।
দীর্ঘ চাকরিকাল শেষে অবসরপ্রাপ্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এ কর্মকর্তা জানান, খরচবিহীন ইঞ্জিন আবিষ্কারের প্রয়াসে বহু বছর ধরে তিনি গবেষণা চালিয়ে আসছেন। গবেষণার অংশ হিসেবে তিনি বিজ্ঞান জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন।
আফসার আলীর দাবি, নিউটনের প্রথম গতিসূত্রে বাহ্যিক বল কে, কীভাবে ও কোথা থেকে প্রয়োগ করবে সে বিষয়টি উল্লেখ না থাকায় সেটি অসম্পূর্ণ। দ্বিতীয় গতিসূত্রকে তিনি পূর্ণাঙ্গ ও সঠিক মনে করেন। তবে তৃতীয় গতিসূত্র তার মতে কেবল কাল্পনিক যুক্তি, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, রকেট চলাচল প্রতিক্রিয়ার কারণে নয়, বরং ভরবেগের ক্রিয়ার ফলে ঘটে।
১৯৯৬ সালে ইঞ্জিন চলাচলের একটি নিজস্ব সূত্র আবিষ্কারের কথাও জানান তিনি। তার দাবি, সরকারি উদ্যোগে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেলে তিনি নিজস্ব সূত্রের প্রমাণ উপস্থাপন করতে পারবেন।
আফসার আলী স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে গ্রামে বসবাস করছেন। তিনি বিজ্ঞান বিষয়ে একাধিক প্রবন্ধ ও একটি বই রচনা করেছেন, যদিও সেগুলো এখনো প্রকাশিত হয়নি।