বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত
ডেস্ক রিপোর্ট | পটুয়াখালী
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বিপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সংঘটিত এ ঘটনায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে এই হামলা চালায়।
ঘটনার প্রতিবাদে পরে জামায়াতে ইসলামী বাউফল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে একাধিক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো বাউফল শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
চন্দ্রদ্বিপ ইউনিয়নে সংঘর্ষে আহত জামায়াতের পাঁচজন এবং বিএনপির একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, চন্দ্রদ্বিপ ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় অনেক আহত ব্যক্তি সময়মতো চিকিৎসাসেবা পাননি।
স্থানীয় সূত্র জানায়, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চলাকালে বিএনপি নেতা মুনির হোসেন ও তার ভাই তাহেরের নেতৃত্বে একদল কর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জামায়াত নেতা আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে ঘটনাস্থলে গেলে তার স্ত্রীও মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
তবে বিএনপির এক কর্মী পাল্টা দাবি করে বলেন, তারা ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর সময় জামায়াতের নেতাকর্মীদের হামলার মুখে পড়েন।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্মি ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।
সোর্স : ফেস দ্যা পিপলস