৯ এপ্রিল ২০২৫
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় রামনবমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রায় ইসরায়েলের জাতীয় পতাকা উত্তোলন কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও ক্ষোভের ঝড়। এ ঘটনায় বিজেপি নেতা ও সাবেক সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ এপ্রিল রামনবমীর একটি মিছিলে অংশ নেন অর্জুন সিং। মিছিল চলাকালে তার হাতে ছিল গেরুয়া পতাকা, ভারতের জাতীয় পতাকা এবং ইসরায়েলের পতাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্জুন সিংয়ের নেতৃত্বাধীন ওই মিছিলে একাধিক ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয় এবং ইসরায়েলপন্থী স্লোগানও দেওয়া হয়।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রামনবমী একটি ধর্মীয় উৎসব। সেই শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা প্রদর্শন করে অর্জুন সিং রাজনৈতিক উস্কানি ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করেছেন। বাংলার ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ঐতিহ্যে এটি একটি সরাসরি আঘাত।”
সোমনাথ শ্যাম আরও বলেন, “আজ ইসরায়েলের পতাকা, কাল অন্য কোনো দেশের? এই ধারাবাহিকতা বাংলার ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এটি কোনো ধর্মীয় উদযাপন নয়, বরং একটি বিপজ্জনক রাজনৈতিক বার্তা ছড়ানোর প্রচেষ্টা।”
ঘটনার পর ভাটপাড়া থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, “ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিজেপি নেতারা সচেতনভাবে রাজ্যের শান্তিপূর্ণ সহাবস্থানে চিড় ধরানোর চেষ্টা করছেন।”
তবে এ বিষয়ে এখনো অর্জুন সিং বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, গাজ্জা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মাটিতে ইসরায়েলপন্থী প্রচার যে সামাজিক প্রতিক্রিয়া তৈরি করবে, তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক দিক নির্দেশ করে।