বাংলাদেশসহ বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ধর্মীয় প্রতীক এবং বিশ্বাসের প্রতি অতিরিক্ত সন্দেহ ও শত্রুভাবাপন্ন মনোভাবের একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মুসলমানদের ধর্মীয় পরিচয়ের অংশ—যেমন কালিমার পতাকা—সম্পর্কে ভুল ব্যাখ্যা, রাজনৈতিক প্রচারণা কিংবা নিরাপত্তাজনিত সংশয়ের কারণে ক্রমেই বিতর্ক তৈরি হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, একটি নির্দিষ্ট ধর্মীয় প্রতীকের প্রতি অতিরিক্ত নজরদারি এবং ‘ক্রিমিনালাইজেশন’-এর চর্চা নিছক নিরাপত্তার জন্য নয়, বরং এটি কখনো কখনো ইসলামোফোবিয়ার আধুনিক রূপ হয়ে উঠছে। যেখানে ‘আতঙ্ক’ বা ‘সন্দেহ’ তৈরি করাটাই উদ্দেশ্য।
“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ”—এই বাক্যটি মুসলমানদের ঈমানের মৌলিক ঘোষণা। বিশ্বজুড়ে মুসলমানরা শান্তিপূর্ণ সমাবেশ, উৎসব ও ধর্মীয় জমায়েতে এটি প্রতীক হিসেবে বহন করে। কিন্তু সম্প্রতি কিছু ঘটনায় দেখা যাচ্ছে, এই পতাকাটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাজনৈতিক গোষ্ঠী প্রশ্ন তুলছে।
একজন ধর্মতত্ত্ব বিশ্লেষকের মতে, “একটি ধর্মীয় প্রতীককে উগ্রতার প্রতীক হিসেবে চিহ্নিত করা মানে শুধু ভুল বার্তা দেওয়া নয়, বরং সমাজে বিভাজন তৈরি করা।“
বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী নিজেদের প্রতীক ব্যবহার করে আসছে দীর্ঘকাল ধরে। বৌদ্ধ ধর্মের ধ্বজপতাকা, হিন্দুদের পূজা-পার্বণের চিহ্ন কিংবা খ্রিস্টানদের ক্রস—এসব প্রতীক সামাজিক স্বীকৃতি পেয়েছে। তাহলে কালিমার পতাকার প্রতি সন্দেহের মনোভাব কি তাহলে একটি নির্দিষ্ট ধর্মের প্রতি বৈষম্য নয়?
বিশেষজ্ঞদের মতে, একই ধরনের প্রতীকের প্রতি ভিন্ন মনোভাব রাজনৈতিক বা সাংস্কৃতিক পক্ষপাতদুষ্টতার প্রতিফলন।
যখন কোনো ধর্মীয় প্রতীকের বিরুদ্ধে বারবার প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় বা সেটিকে অপরাধের ইঙ্গিত হিসেবে প্রচার করা হয়, তখন তা সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করে। এই পরিস্থিতি সামাজিক উত্তেজনার জন্ম দিতে পারে এবং ধর্মীয় জনগণের মাঝে নিগৃহীত হওয়ার অনুভূতি জাগাতে পারে।