ঢাকা, ২২ এপ্রিল: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল। কোহিনূর কেমিক্যাল কোম্পানির কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবুর বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ উঠলে ক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
আন্দোলনকারী শ্রমিকদের একজন জানান, গত রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় বিধান বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে ঘটনাটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে কোহিনূর কেমিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং অভিযুক্ত বিধান বাবুকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।”
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দ্রুত বিচার ও স্থায়ী বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।